২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুস সামাদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নাটোর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুস সামাদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। সামাদ খাকসা গ্রামের মো. সেফাত আলীর ছেলে। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আব্দুস সামাদ বাড়ি থেকে বের হয়ে ভূগোলের মোড়ের কাছে পৌঁছালে ৮-১০ জনের একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সামাদকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বাবা সেফাত আলী এ হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী ইস্রাফিল ও তার ভাইদের দায়ী করে বলেন, "আমার ছেলের সঙ্গে ইস্রাফিলের মেয়ে লিপির সম্পর্ক ছিলো। তাদের মধ্যে মনোমালিন্য হলে কিছুদিন আগে লিপি আত্মহত্যা করে। এই ঘটনার পর ইস্রাফিলের লোকজন আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলো। আমি মনে করি আত্মহত্যার প্রতিশোধ নিতেই তারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।" ঘটনার পর থেকে ইস্রাফিল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ওসি আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২১ ঘ.