বরিশাল, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সংঘর্ষের পর দুটি পণ্যবাহী কার্গো ডুবে গেছে। কার্গোতে থাকা শ্রমিকরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়া ও কালাবদর নদীর মোহনা আইরখালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দড়ির চর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের।
ডুবে যাওয়া কার্গো দুটি হলো- কয়লা বোঝাই এমভি আল-নূর এবং পাথর বোঝাই এমভি সাগর বধূ।
কাদের জানান, দুই নদীর মোহনায় কয়লা বোঝাই কার্গোটি আগে থেকেই নোঙর করা ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে পাথর বোঝাই কার্গোটি পেছন থেকে দ্রুত গতিতে কয়লার কার্গোকে ধাক্কা দেয়। এতে দুটি কার্গোই ডুবে যায়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুই কার্গোর ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পেরেছে।
দুর্ঘটনায় ফারুক নামে আহত এত শ্রমিককে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২১ ঘ.
bdnews24