ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদের (৫২) ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, 'লাশের রাজনীতি' করার জন্যই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পুলিশের সঙ্গে আমি কথা বলে জেনেছি, হার্ট অ্যাটাকের সময় পুলিশ এবং তাদের গাড়ি ছিল বলেই তিনি (আহম্মেদ) তখন বেঁচে গিয়েছিলেন। সত্যিই শারীরিক নির্যাতন করা হলে তা তদন্তের জন্য বিএনপির আইনজীবীরা এতোদিন আদালতে তদন্তের দাবি করেননি কেন?"
"এখন তারা যে বক্তব্য দিচ্ছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত," যোগ করেন সরকারের এই শীর্ষ আইন কর্মকর্তা।
পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইউ আহম্মেদ। তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটক হয়েছিল।
অ্যাডভোকেট আহম্মেদের (৫২) মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও অ্যাটর্নি জেনারেলসহ তিন পুলিশ কর্মককর্তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন তার স্ত্রী সেলিনা আহম্মেদ। পুলিশ অভিযোগটি রাখলেও তা এজাহার হিসেবে গ্রহণ করেনি।
শুক্রবার রাতে রাজধানীর রমনা থানায় করা ওই অভিযোগে সেলিনা বলেছেন, "ওই ছয় জনের ষড়যন্ত্রের কারণে ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল আমার স্বামীকে ধরে নিয়ে যায়। আমাদের ধারণা, ধরে নিয়ে যাওয়ার পর তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ কারণেই তার মৃত্যু হয়।"
সেলিনার এই অভিযোগ 'হাস্যকর' উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল সংবাদ সম্মেলনে বলেন, "আমার ওপর অবৈধ চাপ এবং হেনস্তা করতেই এটা করা হয়েছে।
এমইউ আহম্মেদের মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদনকে প্রভাবিত করতেই অ্যটর্নি জেনারেল হাসপাতালে গেছেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের এমন অভিযোগও অস্বীকার করেছেন মাহবুবে আলম।
তিনি বলেন, "তার এ বক্তব্য আমাকে ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে।"
তার বিরুদ্ধে 'সীমাহীন মিথ্যাচার' চলছে অভিযোগ করে মাহবুবে আলম বলেন, "বিএনপির রাজনৈতিক মিশন সম্পন্ন করতেই এ মিথ্যাচার। কারণ খালেদা জিয়ার বাড়ি নিয়ে মামলা, তারেক রহমানের মুদ্রা পাচার মামলাসহ বিএনপির অন্যান্য মামলা আমি শক্তভাবে লড়েছি। এ কারণেই আমার ওপর বিএনপির আক্রোশ।"
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুবের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করার কথাও ভাবছেন বলে অ্যাটর্নি জেনারেল জানান।
আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন এম ইউ আহম্মেদ। জামিন পাওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তার মৃত্যু ঘটে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তের পর হাইকোর্ট প্রাঙ্গণ ও পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুই দফা জানাজার পর স্বজনরা এই আইনজীবীর মরদেহ নিয়ে বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা হন।
এম ইউ আহম্মেদের ভাগ্নে আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শেরপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/জেকে/১৫৩২ ঘ.
bdnews24