২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে বিরোধী দলকে সংসদে পওয়ার প্রত্যাশা স্পিকারের

বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে আসবে- এই প্রত্যাশা রেখে নবম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে আসবে- এই প্রত্যাশা রেখে নবম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন স্পিকার আবদুল হামিদ। মাত্র চার কার্যদিবসের এ অধিবেশন শুরু হয় এ অধিবেশন ১৮ অগাস্ট। বৃহস্পতিবার অধিবেশনের সমাপ্তি টানার আগে স্পিকার বলেন, "আমার প্রত্যাশা ছিল বিরোধী দল সংসদে আসবে এবং গঠনমূলক সমালোচনায় অংশ নিয়ে সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে। আমি আশা করবো, আগামী অধিবেশনে বিরোধী দল অংশ নেবে।" নবম অধিবেশনের মতো এ অধিবেশনেও অংশ নেওয়া থেকে বিরত থাকে প্রধান বিরোধী দল বিএনপি। সমমনা আরো দুটি দলও বিএনপিকে অনুসরণ করে। অষ্টম অধিবেশন চলাকালে সর্বশেষ ২৪ মার্চ অধিবেশনে অংশ নেয় বিএনপি। তবে ওইদিনই তারা ওয়াকআউট করে। আবদুল হামিদ বলেন, কার্যদিবসের দিক থেকে দশম অধিবেশন সংক্ষিপ্ত হলেও 'পারফরম্যান্সের' দিক থেকে ছিল বেশ তাৎপর্যপূর্ণ। "মহান সংসদে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে আমরা যথার্থ ভূমিকা রাখবো এবং সংসদে জনগণের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরবো।" এ অধিবেশনে ১৩টি বিল ওঠে, দুটি পাস হয়। কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৪৬টি নোটিশের মধ্যে ৬টি গ্রহণ করা হয় এবং গৃহীত নোটিশের মধ্যে তিনটির ওপর সংসদে আলোচনা হয়। এবার সংসদে ওঠা ৫৪টি প্রশ্নের মধ্যে ১৩টির উত্তর দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৬৭০টি প্রশ্নের মধ্যে ১৭০টির জবাব দিয়েছেন মন্ত্রীরা। ঈদ শুভেচ্ছা দশম অধিবেশনের সমাপ্তিতে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান স্পিকার। তিনি বলেন, "রহমত, বরকত ও নাজাতের মাস রমজান বিদায়ের পথে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর সমাগত। রমজানের পবিত্রতা ও ত্যাগের অপার মহিমায় আমাদের জীবন উদ্ভাসিত হোক- এ প্রত্যাশা রইল।" ঈদের আনন্দ জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়–ক- এই প্রত্যাশা জানিয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে নবম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৪২ ঘ.