ঝিনাইদহ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে ঝিনাইদহ সদর থানার হত্যামামলা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়েও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।
এদিকে পুলিশ লাইনে জানাজা শেষে বুধবার রাতে মিরাজুলকে তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া বিয়ারা গ্রামে দাফন করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হালিম মোল্লা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তেমন কোনো অগ্রগতি নেই।
মিরাজুল ছিনতাইকারীদের হামলার স্বীকার, না প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।
হালিম বলেন, তবে একজন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মিরাজুলের ব্যবহৃত ওয়াকিটকিটি প্রতাপপুর থেকে উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ ডাক বাংলো পুলিশ ফাঁড়ির এসআই মিরাজুল ইসলামকে (৪৫) মঙ্গলবার রাতে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। নিয়ে যায় তার গুলিভরা পিস্তল ও ওয়াকিটকি। বুধবার সকালে হলিধানী এলাকায় ভেটিরিনারি কলেজের কাছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে তার লাশ পাওয়া যায়।
মিরাজুল হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার পুলিশ সুপার জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন।
তবে তদন্ত নিয়ে কোনো কথা বলতে রাজি হননি পুলিশ সুপার মো. রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24