ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে তলব করেছে হাইকোর্ট।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
তাকে আগামী ১৬ অক্টোবর আদালতে হাজির হয়ে বিচারধীন বিষয়ে তথ্য গোপন করে অন্য কোর্টে মামলা করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আইনজীবী এস এম মনির হোসেন, চাঁদপুর-১ সংসদীয় এলাকার পঁাঁচ ভোটার মো. বিল্লাল হোসেন, মাসুদে এলাহী সুবাস, খায়রুল আবেদীন স্বপন, কবির হোসেন ও মো. ইব্রাহিমের কাছেও একই ব্যাখ্যা চেয়েছে আদালত।
একই সঙ্গে তথ্য গোপনের অভিযোগে মিলন ও ওই পাঁচ জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী তিন সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মিলনের আইনজীবী এস এম মনিরের বিরুদ্ধেও একই ধরনের রুল জারি করেন।
এই পাঁচ ভোটার ও মিলনের দুইটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অগাস্ট হাইকোর্টের অন্য একটি বেঞ্চ মহীউদ্দীন খান আলমগীর কোন আইনে ও ক্ষমতাবলে সংসদ সদস্য হিসেবে বহাল রয়েছেন- তা জানতে চেয়ে রুল জারি করে।
মহীউদ্দীনের আইনজীবী ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে বলেন, তার আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে তিনি এই আদালতে আসেন। আদালত ওই প্রক্রিয়াকে স্থগিত করে দেয়। কিন্তু মিলন ও অপর পাঁচ ব্যক্তি আদালতে বিষয়টি গোপন করে অন্য আদালতে রিট দায়ের করেছেন।
এর পরিপ্রেক্ষিতে পরে মিলন ও অন্য পাঁচ ভোটারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন মহীউদ্দীন খান আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭৪৩ ঘ.
bdnews24