২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল-মওদুদের বক্তব্যের সিডি চেয়েছে হাইকোর্ট

আদালতকে ইঙ্গিত করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের সিডি জমা দিতে নয়টি টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতকে ইঙ্গিত করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের সিডি জমা দিতে নয়টি টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দুই নেতার দেওয়া বক্তব্য আদালতের নজরে আনা হলে বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এটিএন নিউজ, এটিএন বাংলা, চ্যানেল আই, মোহনা টিভি, দিগন্ত টিভি, এনটিভি, দেশ টিভি, মাই টিভি, বৈশাখী টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ওই বক্তব্যের ধারণ করা চিত্র সম্বলিত সিডি আদালতে জমা দিতে বলা হয়েছে। প্রেসক্লাবের ওই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আদালতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে দেশের ক্লাব, মাঠ-ঘাট, নদী থাকবে কি থাকবে না- তা সব আদালত নির্ধারণ করছে। এখন আদালতই দেশ চালাচ্ছে।" স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সা¤প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "আজ সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। সরকার মিডিয়ার বিরুদ্ধে যুুদ্ধ ঘোষণা করেছে। সত্য বলতে বাধা দিচ্ছে।" তাদের বক্তব্য আদালতের নজরে আনেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল বলেন, "২৪ অগাস্ট জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে আদালত দেশ চালায় বলে মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। আপনারা সিডিটি দেখলে বুঝতে পারবেন, এতে আদালত অবমাননা করা হয়েছে কি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৭৩৩ ঘ.