শেরপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে আবারো প্রচুর গুলি উদ্ধার করা হয়েছে। এবার পাওয়া গেছে ১ হাজার ২১৯ রাউন্ড গুলি।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বড় গজনি এলাকার স্টিলের একটি সেতুর নিচে বস্তার মধ্যে লুকানো অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর সঙ্গে জড়িত অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, গান্ধীগাঁও এলাকার সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিলো। তার দেওয়া তথ্যে চাইনিজ রাইফেলের ১ হাজার ২১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছেন।
সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
এর আগে গত ৯ মে ঝিনাইগাতির বাকাকুড়া গুচ্ছগ্রাম থেকে রাইফেলের ৯৯৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন গ্রেপ্তার করা হয়েছিলো দুজনকে। তার পাঁচ দিন পর পাওয়া যায় ৩৬৭ রাউন্ড গুলি।
একই এলাকা থেকে ২০১০ সালের ১৮ ডিসেম্বর ১৩ হাজার ৬৮০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এরপর ২৫ ডিসেম্বর উদ্ধার করা হয় সাতটি মাইন।
এসব গুলি কোথা থেকে আসছে- তা নিশ্চিত করে বলতে না পারলেও এর সঙ্গে ভারতের আসামের বিদ্রোহী সংগঠন উলফার সংশ্লিষ্টতা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০১ ঘ.
bdnews24