২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমসটেকের আওতায় বিদ্যুৎ বিনিময় চুক্তি আগামী বছর

দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। ঢাকার রূপসী বাংলা হোটেলে বিমসটেকভুক্ত দেশগুলোর জ্বালানি খাত বিষয়ক টাস্কফোর্সের দুই দিনব্যাপী সভা শেষে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আলমগীর কবির টাস্কফোর্সের এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "টাস্কফোর্সের প্রথম ও দ্বিতীয় সভায় আঞ্চলিক বিদ্যুৎ বিনিময়ে একটি খসড়া সমঝোতা স্মারক তৈরি হয়েছিল। এবারের সভায় তা চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছে সব দেশ।" বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকেল অ্যাণ্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো-বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যাণ্ড, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। এই সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে জানিয়ে পিডিবি চেয়ারম্যান বলেন, "এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে সব সদস্য দেশ মতামত দেবে।" এই মতামতের ভিত্তিতে ২০১২ সালের জানুয়ারিতে টাস্কফোর্সের চতুর্থ সভায় খসড়া সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হবে। আর আগামী বছরের মাঝামাঝি সময়ে বিমসটেকের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আলমগীর কবির জানান। বিমসটেকের সব সদস্য রাষ্ট্রই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সব দেশ যাতে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ পায় তা নিশ্চিত করতে একটি নীতিমালা করা হবে। অন্যদের মধ্যে টাস্কফোর্সে থাইল্যান্ডের প্রতিনিধি দলের প্রধান নিমিত সুজিরাতানা ভিমল, এবং ভারতের প্রতিনিধি এ এ তাজির প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন। ২০০৫ সালের অক্টোবরে বিমসটেকের জ্বালানি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় এই টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এরপর ২০০৬ সালের মার্চে থাইল্যাণ্ডে প্রথম এবং একই বছরের অক্টোবরে ভুটানের থিম্পুতে টাস্কফোর্সের দ্বিতীয় সভা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯১২ ঘ.