২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস বিক্রির জন্য লাইসেন্স বাধ্যতামূলক

মাংস বিক্রি এবং জবাইখানা খোলার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল-২০১১' সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- মাংস বিক্রি এবং জবাইখানা খোলার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল-২০১১' সংসদে পাস হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস বুধবার বিলটি জাতীয় সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস বিক্রি নিশ্চিত করতে ১৯৫৭ সালে প্রণীত ও ১৯৮৩ সালে সংশোধিত আইন যুগোপযোগী করে নতুন এই বিল আনা হয়। পাসের আগে এ বিলের ওপর আনা সংশোধনী এবং জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। আইনটি পাস হওয়ার ফলে এখন থেকে সরকার অনুমোদিত জবাইখানার বাইরে এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশু জবাই করা হবে শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে আব্দুল লতিফ বলেন, "নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র পশু-পাখি জবাই বন্ধ করা এবং স্বাস্থ্যসম্মত কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলে মানসম্মত ও হালাল মাংস উৎপাদনের মাধ্যমে রপ্তানির সুযোগ কাজে লাগাতে 'দি অ্যানিমাল স্লটার (রেস্ট্রিকশন) অ্যান্ড মিট (কন্ট্রোল) অ্যাক্ট ১৯৫৭' রহিত করতে 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১' সংসদে উত্থাপন করা হয়েছে।" এতে বলা হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সরকার ঘোষিত কোনো উৎসব, পারিবারিক চাহিদার ভিত্তিতে পারিবারিক ভোজনছাড়া বাণিজ্যিক উদ্দেশে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে পশু জবাই করতে পারবে না। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানা বা মাংস বিক্রি কিংবা মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে পারবে না। এই লাইসেন্স এক বছর পরপর নবায়ন করতে হবে। জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানার কর্মী ও মাংস বিক্রেতাকে ছোঁয়াচে এবং সংক্রামক রোগমুক্ত হতে হবে বলে পাস হওয়া বিলে উল্লেখ করা হয়েছে। এই আইন লঙ্ঘনকারী ব্যক্তির বিচার হবে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুসারে। অপরাধ প্রমাণিত হলে অনুর্ধ্ব এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা অন্যুন পাঁচ হাজার এবং অনুর্ধ্ব ২৫ হাজার টাকা আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/আরএ/জেকে/১৭৪৩ ঘ.