দিনাজপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ী করার দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। ফলে বুধবারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে কাজ বন্ধ করে দেয় ওই খনির ১ হাজারের বেশি শ্রমিক। তারা স্থায়ী নিয়োগসহ অন্যান্য দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল হক মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খনি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের মঙ্গলবার বিকালে বৈঠক হয়। কিন্তু বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছে।
তিনি জানান, সমঝোতা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-বিসিএমসিএল'র মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের বৈঠকে কোনো সমঝোতা হয়নি। তবে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান কামরুজ্জামান।
তিনি জানান, বুধবারও খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই শ্রমিকরা খনির গেইটে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করছে।
শ্রমিকদের অভিযোগ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জুজু মেশিনারজি কোম্পানি-এক্সএমসি বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করেনি। গত বছরের ১০ অক্টোবর বড়পুকুরিয়া কয়লা খনির সঙ্গে এক্সএমসির চুক্তির মেয়াদ শেষ হয়। পেট্রোবাংলা ১১ অক্টোবর ওই কোম্পানির সঙ্গে পুনরায় ছয় বছরের জন্য চুক্তি করে। কিন্তু চুক্তিতে শ্রমিকদের দাবিগুলো উপেক্ষিত হয় বলে শ্রমিকরা জানান।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, এক্সএমসি'র অধীনে ১ হাজার ৮৬ জন শ্রমিক সরাসরি কয়লা তোলার সঙ্গে জড়িত। এছাড়া বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-বিসিএমসিএল'র অধীনে রয়েছে আরো ২২৬ জন শ্রমিক। বিসিএমসিএল-এর শ্রমিকরা পে-স্কেলভিত্তিক বেতন-ভাতা পেলেও এক্সএমসি'র শ্রমিকরা সে সুবিধা থেকে বঞ্চিত।
বেতন বৈষম্য নিরসনের জন্য খনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন রবিউল।
এ বিষয়ে বিসিএমসিএল-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন চুক্তিতে শ্রমিকদের বেতন ৫ শতাংশ বাড়ানো হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরো বাড়ানোর কথাও বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৫৭ ঘ.
bdnews24