সাভার, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন ১৭ জন।
মঙ্গলবার দুপুরে পূর্ব নরসিংহপুর এলাকায় শারমীন গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম (৩০) ওই ভবনে রড মিস্ত্রীর কাজ করছিলেন।
তার স্ত্রী আইতুন নেছা তার লাশ সনাক্ত করেন।
আহত হয়েছেন মুস্তাফিজুর রহমান (১৬), রুস্তম (২৫), মিজানুর রহমান (৪৬), আব্দুল আওয়াল (২৬), সফুর হোসেন (২৭), মোস্তাফিজুল ইসলাম (৩০), ফারুক হোসেন (২০), ফরহাদ (১৮), মনির হোসেন (২৮), আব্দুল আলিম (৩১), মেহেদী হাসান (২৭), জুবায়েদ হোসেন (২৯), ইব্রাহীম (২২), জলিল (৫০), উৎপল (৪০), আহসান উল্লাহ (৩১) ও মাসুদ (৪০)।
এদের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, শারমীন গ্রুপের জেনারেটর কক্ষের জন্যে একটি নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পুরো ছাদটি ধসে পড়লে শ্রমিকরা নিচে চাপা পড়ে।
ঘটনার পরপরই ডিইপিজেড দমকল বাহিনী ও সাভার সেনানিবাসের সেনা সদস্যরা উদ্ধার কাজ চালায়।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া ৫টার দিকে ধ্বংস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আর কোনো লাশ নেই বলে দাবি করেন ওসি।
সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের এসএম আসাদ জানান, নির্মাণ ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
কারখানার মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণ ত্রুটর কোনো কারণ নেই। সব ভাল জিনিস দিয়ে কাজ করা হচ্ছে। এরপরও কেন ধসে পড়ল তা তদন্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24