ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক ও প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তাদের বিশেষ কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করে কর্মদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় নাহিদ এ কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণ সচিব ড. রনজিত কুমার বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক এবং ঢাকা মহানগরীর কয়েকটি স্কুল ও কলেজ প্রধান উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ বছর আট জন প্রতিবন্ধী ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, এদের মধ্যে এক শতাংশ অটিস্টিক। অটিস্টিক মানুষের সংখ্যা দেড় লাখের বেশি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের জন্য সারাদেশে ৬৪টি স্কুল রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ও অটিস্টিকদের ওপর শিগগিরই একটি জরিপ পরিচালনা করবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/এএল/১৮২৫ ঘ.
bdnews24