ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের এক নারীকে সন্তানসহ আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে আদালত কক্ষ থেকে বের হওয়ার পর হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তারা হাজির হয়েছিলেন।
তারা হলেন- আন্দিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, সদস্য তপন দে, ওই এলাকার ফজলুর রহমান চৌধুরী, আব্দুর রহিম, ফারুক মিয়া, মলাই মিয়া, আব্দুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী ও মহব্বত খান।
সালিশে সমাজচ্যুত ঘোষণার পর গত ১৫ অগাস্ট ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফেরদৌসী বেগম চার সন্তান নিয়ে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েন। এতে তিনসহ তিন জন মারা যান।
ঘটনাটি নজরে আসার পর পর দিন হাইকোর্টের একটি বেঞ্চ এদের আদালতে তলবের আদেশ ছিলো। তলব করা হয় মাধবপুর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে।
মঙ্গলবার মাধবপুর থানার ওসি মাইনুদ্দিন চৌধুরী হাইকোর্টে হাজির হলে আদালত জানতে চায়, ওই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
তখন ওসি বলেন, ঘটনার পর একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জবাব শুনে আদালত প্রশ্ন করে, "কেন আত্মহত্যায় প্ররোচনা মামলা না করে অপমৃত্যুর মামলা হলো?"
জবাবে ওসি বলেন, ১৬ অগাস্ট আত্মহত্যায় প্ররোচনার মামলাও হয়েছে। পাঁচ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে যারা হাজির হয়েছে, তারাও এজাহারভুক্ত আসামি। পালিয়ে থাকার কারণে তাদের গ্রেপ্তার করা যায়নি।
তখন আদালত বলে, "কোর্ট থেকে বের হওয়ার পরই এদের গ্রেপ্তার করবেন।"
আত্মহত্যার প্ররোচনার মামলার বাদি পুলিশের উপপরিদর্শক ইয়াসিনুল হক, শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপপরিদর্শক মনোয়ারও মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে হাজির হন।
ঘটনার পর দিন একই বেঞ্চ 'নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না' এবং 'আত্মহত্যাকারী মা ও তার সন্তানদের জীবন রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না'- তা জানতে চেয়ে রুলও জারি করে।
সালিশ বন্ধে গত মাসেই হাইকোর্টের একটি আদেশ ছিলো।
রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ওই আদেশের ১৫ দিনের মাথায় হবিগঞ্জের এ ঘটনা ঘটে। হবিগঞ্জের ঘটনার পর কয়েক দিন আগে মাদারীপুরের এক মাদ্রাসাছাত্রীও সালিশে নির্যাতনের পর আত্মহত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫২ ঘ.
bdnews24