ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাজীপাড়ায় অর্থের বিনিময়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারতে গিয়ে তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে ছুরিকাহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
আহত শিব শংকর দত্তকে (৫৭) সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাজীপাড়ার আনন্দ টিম্বার কমপ্লে¬ক্স নামে একটি ফার্নিচার শো রুমের ব্যবস্থাপক। স্থানীয় বাসিন্দারা হামলাকারী আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজ্জাক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র। রাজু নামের এক ব্যক্তি আনন্দ টিম্বার কমপে¬ক্সের মালিক রেজাউল হক ভূঁইয়া বাহারকে মারার জন্য ছবি এবং এক হাজার টাকা দিয়ে তাকে শো রুমে পাঠায়। এছাড়া ছুরি কেনার জন্য দেওয়া হয় আরো ১৬০ টাকা।"
বাহার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মিরপুর থানার এএসআই মানিক। তবে রাজুর পরিচয় জানা যায়নি।
ওসি ওয়াজেদ আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে কাজীপাড়ায় আনন্দ টিম্বার কমপে¬ক্সের সামনে শিব শংকরকে ছুরি মারে রাজ্জাক। পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ছুরিসহ ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।
"রাজ্জাকের কথাবার্তা অসংলগ্ন। তাকে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে," যোগ করেন ওসি।
শিব শংকরের ছেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী বার্তা সম্পাদক পলাশ দত্ত জানান, হামলার পর তার বাবাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় আল হেলাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেটের ডানদিকে, বুকের বাম দিকে এবং ডানহাতে আঘাত পেয়েছেন।
আনন্দ টিম্বার কমপে¬ক্সের কারখানা ব্যবস্থাপক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজ্জাক দুপুরে একবার শোরুমে এসে বুকসেল্ফ বানানোর আগ্রহ দেখায়। পরে বিকালে বাবাকে নিয়ে আসার কথা বলে চলে যায়। সন্ধ্যার পর সে আবার শো রুমে এসে ব্যবস্থাপক শিব শংকর দত্তের সঙ্গে বুকসেল্ফ বানানো নিয়ে কথা বলে।
রাজ্জাক ঈদের আগেই বুকসেল্ফ সরবরাহ চাইলে তাকে জানানো হয়, ঈদের পর তা দেওয়া সম্ভব। এ জন্য তাকে অন্তত এক হাজার টাকা আগাম দিতে বলা হয়।
হাবিবুর রহমান বলেন, "কথা শেষে ওই যুবক শো রুম থেকে বের হয়ে বাইরে একটি ভ্যানের ওপর বসে। শো রুমে তখন সবাই টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিল। শিব শংকর শো রুম থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য রিকশায় ওঠার মুহূর্তে ওই যুবক ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।"
ওসি জানান, প্রক্টর সাইফুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র রাতে থানায় এসে রাজ্জাকের সঙ্গে কথা বলেছেন। রাজ্জাকের পরিচয় নিশ্চিত করেছেন তারা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওয়াজেদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/জেকে/০৩৪২ ঘ.
bdnews24