হবিগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চা শ্রমিক শ্রীমতী সাঁওতালের স্বামী বীর সিংহ সাঁওতালের লাশ বাড়ির পাশের কুয়া থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী হত্যার পর অনুশোচনা থেকে এ চা শ্রমিক আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার বীর সিংহ (২২) মাতাল অবস্থায় স্ত্রী শ্রীমতীকে (১৮) কুপিয়ে হত্যা করে। এরপর পালিয়ে যান তিনি।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকালে বীর সিংহের লাশ তার বাড়ির পাশের কুয়ায় পাওয়া যায়।
"সম্ভবত রোববার রাতে বীর সিংহ বাড়িতে ফিরে আসে। এরপর রাতের কোনো এক সময় আত্মহত্যা করে সে", বলেন তিনি।
বীর সিংহের দেহে আঘাতজনিত মৃত্যুর কোনো চিহ্ন না থাকায় পুলিশ ও স্থানীয়রা আত্মহত্যা বলে ধারণা করছে।
ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24