মুন্সীগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে মুন্সীগঞ্জ-সিরাজদিখান-ঢাকা সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মঞ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে বাস সার্ভিস চালু করা হয়েছে।
সড়কের বেহাল অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইটের খোয়া ফেলে রাস্তা কোনোমতে মেরামত করা হয়েছে। এতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না।
"যে কোনো সময় আবারো বাস চলাচল বন্ধ করা হতে পারে।"
রোববার সকাল থেকেই মুন্সীগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল করতে দেখা যায়। তবে স্বাভাবিকের তুলনায় বাসের সংখ্যা কম দেখা যায়।
সড়কের বেহাল অবস্থার কারণে বুধবার বিকাল থেকে ওই পথে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। সংস্কার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৭৪৪ ঘ.
bdnews24