২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পপি হত্যা মামলায় খালাস পেলেন রসু খাঁ

চাঁদপুরের পপি হত্যা মামলায় খালাস পেয়েছেন কথিত 'সিরিয়াল কিলার' রসু খাঁ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের পপি হত্যা মামলায় খালাস পেয়েছেন কথিত 'সিরিয়াল কিলার' রসু খাঁ। রোববার দুপুরে রসু খাঁর উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এই রায় দেন। রসুর বিরুদ্ধে আরো ১০ নারীকে হত্যার অভিযোগে মামলা চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তাও সুনির্দিষ্টভাবে হত্যার বিষয়টি তুলে ধরতে পারেননি।" মামলার শুনানিতে ১৮ জনের সাক্ষ্য শোনা হয় বলে জানান তিনি। ২০০৯ সালের ২ ফেব্র"য়ারি চাঁদপুরের ফরিদগঞ্জে খুন হন পপি। মামলাটি যুক্তিতর্ক-শুনানির পর্যায়ে থাকা অবস্থায় গত ৯ অগাস্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী পুনঃতদন্তের আবেদন জানান। ১৬ অগাস্ট ওই আবেদন নাকচ করে আদালত। একই আদালতে রসু খাঁর বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা পুনঃতদন্তের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এসব আবেদনের বিষয়ে ২৩ অগাস্ট শুনানি হওয়ার কথা রয়েছে। আইয়ুব জানান, গত বছর ১১ ফেব্র"য়ারি পপি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল এবং ৯ মে অভিযোগ গঠন করা হয়। সাংবাদিকরা রোববার সকালে রায়ের তথ্য সংগ্রহে আদালতে গেলে বিচারক রবিউল হাসান তাদের আদালত কক্ষ থেকে বের করে দেন। উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অনুমতি নিয়ে সাংবাদিকদের আদালতে প্রবেশের অনুরোধ জানান তিনি। এছাড়া দুপুরে রসু খাঁকে আদালত কক্ষ থেকে বের করে কোর্ট হাজতে নেওয়ার সময় ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে নৃশংসভাবে হত্যার শিকার জাহানারা বেগম, রুনা বেগম, মাসরুরা খাতুন, পারভীন বেগম, শাহানারা খাতুন ও পপির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সে সময় নিহতদের পরিচয় উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় প্রতিটি মামলায় লাশ 'অজ্ঞাতপরিচয়' দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিলো। ২০০৯ সালের ২০ জুলাই টঙ্গীর নিরাশপাড়া মসজিদের ফ্যান চুরির একটি মামলায় রসু খাঁকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর একের পর এক এসব হত্যা মামলার রহস্যজট খোলার খবর দিতে শুরু করে পুলিশ। ১১ নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয় রসুর বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৬২০ ঘ.