ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে লিলি সুপার মার্কেটের নিচ তলার শুক্রবার একটি ফাস্ট ফুডের দোকানে আগুন লাগলে প্রায় এক ঘণ্টা বেচাকেনা বন্ধ থাকে।
সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গ্যাস পাইপে ছিদ্র হয়ে 'টিফান ফাস্ট ফুড' নামের ওই দোকানে আগুন লাগে বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলে।"
কামরুল জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন টিফান ফাস্ট ফুডের মালিক এম বাবুল চৌধুরী।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আগুনের কারণে লিলি সুপার মার্কেটে প্রায় এক ঘণ্টা বেচাকেনা বন্ধ থাকে। তবে রাত সাড়ে ৮টার পর বেচকেনা আবার স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২১৪২ ঘ.
bdnews24