কুড়িগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজীবপুরের বালিয়ামারী সীমান্ত হাট বন্যার পানিতে ডুবে গেছে। এ কারণে এখানে এখন হাট বসছে না বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এছাড়া হাটে যাতায়াতের জন্য বাংলাদেশ অংশে জিঞ্জিরাম নদীর ওপর নির্মিত বাঁশের সেতুটি বন্যার পানিতে ভেসে গেছে।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে আকষ্মিক বন্যায় সেতুটি ভেসে যায় এবং সীমান্ত হাট পানিতে তলিয়ে যাওয়ায় হাটের কার্যক্রম এখন বন্ধ।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাট বন্ধ থাকবে বলেও তিনি জানান।
চলতি বছরের ২৩ জুলাই বাংলাদেশ ও ভারতের বাণিজ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই হাট উদ্বোধন করেন। প্রথম হাট বসে ২৭ জুলাই। এরপর ৩ ও ১০ অগাস্টও হাট বসে।
বাংলাদেশের কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি এবং ভারতীয় অংশে মেঘালয় রাজ্যের তুরা জেলার আমপাতি মহুকুমার মহেন্দ্রগঞ্জ থানার কালার চর এলাকায় এ হাট অবস্থিত।
জিরো লাইনের উভয় দিকে বাংলাদেশ অংশে ৭৫ গজ এবং ভারতীয় অংশে ৭৫ গজ জায়গা এ হাটের জন্য বরাদ্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.
bdnews24