২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গ্যাস সরবরাহে কাজ চলছে: এনামুল

রাজশাহী শহরে গ্যাস সরবরাহের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শহরে গ্যাস সরবরাহের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস বিতরণ নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদের দশম অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১০৫ কোটি টাকা। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সমস্ত কাজ শেষ হবে। সংসদ সদস্য ফরিদা আখতারের প্রশ্নের জবাবে এনামুল জানান, উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের অংশ হিসাবে সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনা জেলায় ইতোমধ্যে গ্যাস সরবরাহ করা হয়েছে। রাজশাহী শহরে গ্যাস সরবরাহের জন্য নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় ১২ শতাংশ লোক আবাসিক খাতে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পীকার আব্দুল হামিদ। বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিল বর্তমানে দেশে বিদ্যুৎ ও গ্যাসের বকেয়া বিলের পরিমাণ ৮৬৮ কোটি ৮২ লাখ ৯১ হাজার টাকা। বিএনপি'র সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরের গত মে পর্যন্ত আদায়যোগ্য বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ২৯৭ কোটি টাকা। যা মোট বিদ্যুৎ বিলের মাত্র ৩ শতাংশ। স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি সংস্থাগুলোর কাছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত গ্যাসের বিল বাবদ ৫৭১ কোটি ৮২ লাখ ৯১ হাজার টাকা বকেয়া রয়েছে। প্রতিদিন ২০ মেগাওয়াট সাশ্রয় সম্ভব নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এনামুল হক জানান, রাস্তা ও পার্কের বৈদ্যুতিক বাতি ঢাকা সিটি কর্পোরেশন ও টঙ্গী পৌরসভার নিয়ন্ত্রণাধীন। অফিস আদালত ছাড়াও রাজধানীর রাস্তা ও পার্কের বাতি সঠিক সময়ে জ্বালানো ও নেভানো হলে প্রতিদিন কমপক্ষে ২০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। "সঠিক সময় বাতি জ্বালানো ও নেভানোর ব্যাপারে মনিটরিং জোরদার করতে ডিপিডিসি'র পক্ষে ঢাকা সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হচ্ছে।" আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০২০-২১ সালের মধ্যে প্রায় ২৪ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। সরকারি ও বেসরকারি খাতে মোট তিন হাজার ৮২৯ মেগাওয়াট ক্ষমতার ২৯টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব চুক্তি স্বাক্ষর হবে। অতিরিক্ত দুই হাজার ২২ মেগাওয়াট বিদ্যুৎ মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অতিরিক্ত দুই হাজার ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। রমজানের আগে হঠাৎ করে তাপপ্রবাহ হ্রাস পাওয়ার ফলে ও ফ্যান লোড বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে ছিল। "তবে লোডশেডিং পরিস্থিতি মোকাবেলার জন্য বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি এ খাতের সার্বিক ও সুষম উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা হয়েছে।" এনামুল বলেন, আগামী নভেম্বরের মধ্যে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নেমে আসবে এবং ২০১২ সাল নাগাদ বিদ্রুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/২০০৭ ঘ.