নাটোর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি মোড়ে বৃহস্পতিবার ভোরে বেশ কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে।
এ সময় দুর্বৃত্তের হামলায় আতঙ্কিত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ডাকাতদের হামলায় অন্তত ১৫ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
মারা যাওয়া আল-আমিন (১২) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মোকাব্বার হোসেন।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ১৩টি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা আটকে চালক ও যাত্রীদের লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে পেটায়। গাড়ির কাচ ভাংচুর করে।
ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েকলাখ টাকার মালামাল লুট করে।
মাইক্রোবাস চালক তোজাম উদ্দিনের বরাত দিয়ে ওসি আরো বলেন, মায়ের কান কেটে গহনা কেড়ে নিতে এবং বাবাকে মারধর করতে দেখে অতঙ্কিত হয়ে আল-আমিন ঘটনাস্থলে মারা যায়।
পরে লালপুর ও বাঘা থানা পুলিশ গেলে ডাকাতরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24