২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় দশক পর ক্যাম্পাসে গিয়ে মার খেলেন জাকসু নেতা

দেড় দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মারধরের শিকার হয়েছেন জাকসুর সাবেক সদস্য ও ছাত্রদলের সাবেক নেতা মোখলেসুর রহমান বাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মারধরের শিকার হয়েছেন জাকসুর সাবেক সদস্য ও ছাত্রদলের সাবেক নেতা মোখলেসুর রহমান বাদল। ছাত্রলীগ তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সরকার সমর্থক সংগঠনটি এ দায় নিতে অস্বীকার করেছে। বাদল বুধবার রাতে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক ও কেন্দ্রের পেছনের সড়কে হামলার শিকার হন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ ব্যাচের ছাত্র বাদল ১৯৯২-৯৩ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সহ সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আজিমউদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পেছনে বাদলকে কিছু শিক্ষার্থী মারধর করে। বিশ্ববিদ্যালয় টহল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তিনি কারো নাম বলতে পারেননি। ঘটনাস্থল থেকে মদের বোতল ও একটি ভাঙা গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান আজিম। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে। বিরোধী দলকে দমনের জন্য যে নির্যাতন চলছে, এটি তারই ধারাবাহিকতা।" নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল এবং শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ নেতাকর্মীরা বাদলকে পিটিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল পারভেজ বলেন, "ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করেছে বলে শুনেছি।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আরজু মিয়া বলেন, ঠিক কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। আশুলিয়া থানার উপপরিদর্শক আইয়ুব আলী বলেন, আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৪৭ ঘ.