ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের মর্যাদা বা কর্তৃত্ব ক্ষুণ্ণ হয়- টক শোতে এমন বক্তব্য করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
'অবমাননাকর' মন্তব্য করায় একুশে টেলিভিশনের 'একুশের রাত' অনুষ্ঠানের দুই আলোচক ও সঞ্চালক বৃহস্পতিবার আদালতে হাজির হলে তাদের উপস্থিতিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়।
আলোচকদ্বয় হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক হলে অঞ্জন রায়।
তারা আদালতে উপস্থিত হয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইলেও আগামী ১৭ অক্টোবর তাদের আবারো হাজির হতে বলেছে হাইকোর্ট।
অঞ্জন রায়ের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন; রাজেকুজ্জামান রতনের পক্ষে অ্যাডভোকেট কে এম হাফিজুর রহমান; আহমেদ আজম খানের পক্ষে ব্যরিস্টার রফিক উল হক ও ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন।
একুশে টিভির ওই অনুষ্ঠানে আদালত নিয়ে মন্তব্য করায় গত ১০ অগাস্ট হাইকোর্ট স্বঃপ্রণোদিত হয়ে ওই তিনজনকে তলব করে।
ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটূক্তি করা হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন।
এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, দুই সপ্তাহের মধ্যে তা জানানোর আদেশ দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭০৫ ঘ.
bdnews24