নাটোর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক যুবলীগের কর্মীরা নাটোর সদর উপজেলার বিএনপি সমর্থক এক ইউপি চেয়ারম্যানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউপির চেয়ারম্যান আবিদুর রহমানকে তার নিজ কার্যালয়ে হাতুড়িপেটা করা হয়।
তবে যুবলীগকর্মীরা বলছে, ভিজিডি কার্ড বিতরণে চেয়ারম্যান অনিয়ম করায় তারা প্রতিবাদ জানিয়েছে। হাতুড়িপেটার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা।
আহত আবিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে তিনি নিজ কার্যালয়ে ছিলেন। ওই সময় যুবলীগকর্মী লিটন আলী, শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে তার কক্ষে আসেন।
"লিটন আমাকে বলে, তুই বিএনপি করিস, তুই পরিষদে কেন বসেছিস? আমি প্রতিবাদ করলে তারা আমার দিকে চেয়ার ছুড়ে মারে। আমি টেবিলের নিচে ঢুকে পড়ি। পরে তারা আমাকে টেনে বের করে হাতুড়ি দিয়ে পেটায়", বলেন আবিদুর।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। বিএনপি করার কারণেই হাতুড়িপেটা করা হয়েছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান।
যুবলীগকর্মী লিটন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিষদের সদস্যরা ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম করছে। তারা তার প্রতিবাদ করেছেন মাত্র।
"চেয়ারম্যানকে কেউ মারপিট করেনি", বলেন তিনি।
নলডাঙ্গা থানার ওসি ওহিদুল হক জানান, চেয়ারম্যানের লিখিত অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩০ ঘ.
bdnews24