ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের দশম অধিবেশন বসছে বৃহস্পতিবার। এ অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ও উপজেলা পরিষদ দুটি আইনই সংশোধন হতে পারে।
দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার সংসদ সচিবালয়ের আইন শাখা (লেজিসলেটিভ সাপোর্ট উইং) জানায়, দিনের কার্যসূচির মধ্যে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে নোটিশ প্রদান-নিষ্পত্তি, স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন।
সকাল ১০টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ এ সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত হবে।
ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার ৪১ দিন পর বর্তমান সংসদের দশম অধিবেশন বসছে। গত ৭ জুলাই সংসদের নবম অধিবেশন শেষ হয়।
গত ২২ মে নবম অধিবেশন শুরুর পর নতুন অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি ১৯টি সরকারি বিল সংসদে ওঠে; পাস হয় আটটি। এর মধ্যে বহু আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধন আইনও রয়েছে।
নবম অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিলো। 'পরিবেশ নেই'- অভিযোগ করে এর আগের কয়েকটি অধিবেশনেও যোগ দেয়নি তারা। এ অধিবেশনেও বিরোধী দলের যোগদানের বিষয়টিও অনিশ্চিত।
বর্তমান সংসদে এ পর্যন্ত নয়টি অধিবেশনে কার্যদিবস ছিলো ২৩৭ দিন। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৫১ দিন।
২০০৮ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে নবম সংসদ গঠিত হয়। ২০০৯ সালের ২৫ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দশম অধিবেশনের জন্য মঙ্গলবার পর্যন্ত ১১টি বিল জমা পড়েছে। এসব বিলের মধ্যে ৭টি কমিটিতে বিবেচনাধীন আছে। উত্থাপনের অপেক্ষায় আছে একটি এবং পাসের অপেক্ষায় আছে আরো তিনটি বিল।
বিলগুলো হচ্ছে- অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) বিল-২০১০, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০১১, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১০, উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১১, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১১, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুর্নবাসন) বিল, ২০১১, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১, আদালত অবমাননা বিল, ২০১১, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল, ২০১১, বন্যপ্রাণী (সংরক্ষণ) বিল ২০১১ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল, ২০১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৪২ ঘ.
bdnews24