হবিগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে সালিশকারী দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের সিদ্ধান্তে সমাজচ্যুত হওয়ার পর ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন ফেরদৌসী বেগম।
সালিশকারী এ দুজন হলেন সুলতানপুর গ্রামের মাতব্বর করিম খাঁ (৩২) ও আমজত খাঁ (৩২)।
বুধবার ভোর ৪টার দিকে গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন জানিয়েছেন।
ফেরদৌসীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মঙ্গলবার মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন বাদি হয়ে ১২ জনকে আসামি করে যে মামলা করেন, এ দুজন তার আসামি।
গত রোববার গ্রাম্য সালিশে সমাজচ্যুত হওয়ায় পর সোমবার সকালে চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী জিলন মিয়ার স্ত্রী ফেরদৌসী।
এতে ফেরদৌসী, মেয়ে বন্যা (৮), ছেলে জীবন (১২) মারা যান। আহত হয় দুই মেয়ে শাওন (১০) ও ঝর্ণা (৪)।
হবিগঞ্জের এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে উচ্চ আদালতও। তলব করা হয়েছে তিন পুলিশ সদস্যসহ নয় জনকে, এর মধ্যে গ্রেপ্তার করিমও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬০৫ ঘ.
bdnews24