২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢালী আল মামুনের অবস্থা স্থিতিশীল

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 07:22 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। রোববার রাতে এই শিল্পীর চোয়াল ও মাড়িতে জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না- তা নির্ধারণে বুধবার একটি মেডিকেল বোর্ড বসবে বলে জানিয়েছেন অস্ত্রোপচারকারী শল্যবিদ অধ্যাপক মতিউর রহমান মোল্লা। মঙ্গলবার রাত ১০টায় ঢালী আল মামুনকে পরীক্ষার পর মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় ফুসফুসের বাইরে বাতাস জমেছে। সেই বাতাস বের করে আনতে একটি টিউব বসানো হয়েছে তার বুকে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শল্যবিদ মতিউরকে দিয়ে বিশেষ ব্যবস্থায় রোববার এই অস্ত্রোপচার করায় স্কয়ার কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষক ঢালীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার সহকর্মীদের দাবির বিষয়ে মতিউর রহমান বলেন, বুধবার একটি মেডিকেল বোর্ড বসবে। বিদেশে পাঠানোর প্রয়োজন আছে কিনা- তারাই তা নির্ধারণ করবে। সুচিকিৎসার জন্য শিল্পী ঢালী আল মামুনকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শনিবার মানিকগঞ্জে ওই সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী ও তার স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলিসহ চারজন আহত হন ওই দুর্ঘটনায়। ক্যাথরিন ও জলি ইতোমধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুল ইসলাম এখনো স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ঢালীর চোয়ালের হাড়ে চিড় দেখা দেয় এবং কয়েকটি দাঁত স্থানচ্যুত হয়। তার পাঁজরের আটটি হাড়েও চিড় ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মতিউর রহমান মোল্লা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি পুরোপুরি সেরে উঠবেন বলেই আমি আশাবাদী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/০১০১ ঘ.