২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে একই স্থানে দুদলের ইফতার, ১৪৪ ধারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একইস্থানে বুধবার যুবদল ও ছাত্রলীগ ইফতার আয়োজনের ঘোষণা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একইস্থানে বুধবার যুবদল ও ছাত্রলীগ ইফতার আয়োজনের ঘোষণা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুদলের ইফতার আয়োজনের প্রেক্ষিতে সেখানে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি হয়েছে বলে মঙ্গলবার রাতে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল হক রিপন জানান, রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মুড়াপাড়া ৯নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং বুধবার ইফতার মাহফিল আয়োজনে রোববারস্কুল কমিটি ও স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তাদের জানানো হয় স্থানীয় ছাত্রলীগ একই স্কুলমাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা ও ইফতার পার্টির আবেদন করেছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাবিবুর কাদির তমাল ছাত্রলীগের ইফতায় আয়োজনের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের দলের কেউ স্কুল মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা আহবান করেনি। ছাত্রলীগ নামধারী কিছু লোকজন বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলটি নস্যাৎ করার জন্য একই স্থানে আলোচনা আহবান করেছে। "আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে," জানিয়ে ওসি বলেন, "সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০০৭ ঘ.