২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত বিপদ ভঞ্জন দাশ (৩২) নগরীর গণি বেকারি মোড়ে অবস্থিত কাজেম আলী হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামের সতীশ চন্দ্র দাশের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাউজানের গশ্চি নোয়া হাটের দমদমায় স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাউজান থানার ওসি নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াহাটের দমদমা নামক স্থানে সিএনজি অটো রিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। এতে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে হলে বিপদ ভঞ্জন মারা যান বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির কনস্টেবল এ কে এম রোদোয়ান। তিনি জানান, হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যে হারুণ মিয়া নামে একজনের অবস্থা গুরুতর। কাজেম আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপদ ভঞ্জন প্রতিদিন নিজ বাড়ি রাউজান থেকে শহরে এসে শিক্ষকতা করতেন। তিন বছর আগে তিনি ওই স্কুলে যোগ দেন। "তিনি বিদ্যালয়ের ছাত্রদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন।" দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাক আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৯ ঘ.