২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিন পর বাস চলাচল শুরু

সড়ক মেরামতের বিষয়ে যোগাযোগ মন্ত্রীর আশ্বাস পেয়ে মঙ্গলবার রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল রুটে বাস চলাচল শুরু করেছেন পরিবহন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই সব সড়ক মেরামতের নির্দেশ দেওয়ায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার বিকেলে বেহাল ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ সড়ক পরিদর্শনে যান। সেখান থেকে সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির নেতাদের নিয়ে তিনি যান মহাখালী বাস টার্মিনালে। সেখানে মন্ত্রীর অনুরোধে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বাস চলাচল শুরুর ঘোষণা দিলে পরিবহন মালিকরা টিকিট বিক্রি শুরু করেন। শাহজালাল পরিবহনের স্বত্ত্বাধিকারী ও মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, তার কোম্পানির একটি বাস যাত্রী নিয়ে রাত ৯টার দিকে নেত্রকোণার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে যোগাযোগ মন্ত্রীসহ মালিক সমিতির নেতারা মহাখালী বাস টার্মিনালে সাংবাদিকদের কাছে সড়কের বর্তমান অবস্থা তুলে ধরেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, যোগাযোগ সচিব মো. মোজাম্মেল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহবুদ্দিন উপস্থিত ছিলেন। যোগাযোগ মন্ত্রী বলেন, "প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বৃষ্টির কারণে এসব রুটের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে।" প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে সৈয়দ আবুল হোসেন বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়েছে ২৪ ঘণ্টা কাজ করে ঈদের আগেই দেশের সব সড়কের সংস্কার করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করছি।" যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ সড়ক সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, "টানা সাত দিন রোদ থাকলে দ্রুত এ কাজ সম্ভব। তাই মালিক সমিতিকে অনুরোধ করছি, সার্বিক বিষয় বিবেচনা করে বাস চালানো শুরু করুন।" বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, "সড়ক মেরামতের জন্য বারবার অনুরোধ জানানোর পরও গুরুত্ব দেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।" মন্ত্রীর অনুরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় মঙ্গলবার রাত থেকে ফের বাস চালানো হবে।" সড়ক মেরামতের দাবিতে মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ১০ অগাস্ট এবং টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ১৩ অগাস্ট থেকে বাস চলাচল বন্ধ রাখে। ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা-ময়মনসিংহ রুটে ২০টি এবং ঢাকা-টাঙ্গাইল রুটে ১০টি বাস নামায় বিআরটিসি কর্তৃপক্ষ। পরিবহন মালিকদের তথ্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর-চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহের ১৩টি রুটে তাদের তিন শতাধিক বাস চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২২২৪ ঘ.