গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ সড়ক দেখে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঈদের আগেই তা সংস্কারের কথা জানিয়েছেন; যদিও বাস চলাচল বন্ধ হওয়ার পরও তিনি বলেছিলেন, রাস্তাটি চলাচলের উপযোগী।
জনদুর্ভোগ অবসানে ঈদুল ফিতরের আগে সব সড়ক সংস্কার করতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের সার্বিক অবস্থা দেখতে যোগাযোগমন্ত্রী গাজীপুর আসেন।
ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ সড়ক পরিদর্শন শেষে ভোগড়া বাইপাস সড়কে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে পিচ ঢালাইয়ের কাজ করা হবে। ইতোমধ্যে এর দরপত্র দেওয়া হয়েছে। দু'একদিনের মধ্যেই এর কার্যাদেশ দেওয়া হবে।"
সড়ক সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল এর ১৩টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এ রুটে বিআরটিসি বাস চলাচলের নজির তুলে ধরে যোগাযোগমন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, "রাস্তা চলাচল অনুপযোগী হলে এ বাসগুলো চলাচল করতে পারতো না।"
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে শেখ হাসিনা ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সব সড়ক চলাচলের উপযোগী করতে বলেন।
যোগাযোগমন্ত্রী জানান, সারাদেশে সড়ক সংস্কারের জন্য ৬৯০ কোটি টাকা খরচ হবে।
ঈদের মধ্যে জনগণের ভোগান্তি কমাতে ২১ অগাস্ট থেকে ঢাকা-রংপুর বিশেষ ট্রেন চালু করা হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য কোরিয়া থেকে চারটি লোকোমোটিভ (ইঞ্জিন) আনা হয়েছে।
পাশাপাশি ঢাকা-ময়মনসিংহের রুটে আরো কয়েকটি ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
গাজীপুরে মন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/এমআই/১৭২৭ ঘ.
bdnews24