ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটাশ তম বিসিএসে উত্তীর্ণদের আরো দু'জনকে সহকারী কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো. আব্দুল্লাহ আল মাহমুদ (নিবন্ধন নং-০৪৭১৫৯) এবং আফরোজা আখতারকে (নিবন্ধন নং-০৪৩৫২১) নিয়োগ দেওয়া হয়।
২০০৮ সালে ২৮তম বিসিএসের ফল অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশক্রমে এ নিয়োগ দেওয়া হয়। ওই ব্যাচের বেশিরভাগ কর্মকর্তা এরই মধ্যে নির্বাচিত পদে যোগ দিয়েছেন।
এদিন প্রশাসনের সিনিয়র সহকারী সচিবের কয়েকটি পদেও রদবদল হয়েছে।
এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মাহাবুবুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, রোকেয়া খাতুন ও মো. ওয়াহিদুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আলাউদ্দিন আলীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব আলিয়া মেহেরকে ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব করা হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জের বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হককে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/১৭২৬ ঘ.
bdnews24