মাদারীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনির একটি গ্রামে রাস্তার পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে কালকিনির ডাসার ইউনিয়নের উত্তর খিলগ্রামের প্রধান রাস্তার পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কালকিনির পাশ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আক্কেল সরদারের ছেলে সুমন সরদার (২২) ও একই গ্রামের নজরুল হাওলাদারের ছেলে রহিম হাওলাদার (২৫)।
কালকিনি থানার ওসি একেএম শাহিন মণ্ডল বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, "প্রাথমিক ভাবে জানা গেছে, এই দুজনের সঙ্গে ইসমাইল সরদার ও হাসান নামে আরো দুজন আগৈলঝাড়া থেকে কালকিনিতে এসেছিলো। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।"
লাশগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহিন মণ্ডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০০০ ঘ.
bdnews24