মানিকগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বাসচালককে মেহেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোর রাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বাসচালকের নাম জামির হোসেন (৪৫)।
ঢাকা-আরিচা সড়কে শনিবার দুপুরে ঢাকা থেকে পাটুরিয়াগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন, যার মধ্যে তারেক ছাড়াও রয়েছেন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর।
এ ঘটনায় ঘিওর থানায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামিরকে আসামি করে একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে গাংনীর একটি বাড়ি থেকে জামিরকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসচালককে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাংনী উপজেলা সদরের চৌগাছায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন জামির। রাত সাড়ে ৩টার দিকে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।"
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসচালক জামিরকে গ্রেপ্তারের বিষয়ে দুপুর সাড়ে ১২টায় ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।
দুর্ঘটনার দিনই জামিরকে আসামি করে ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান থানায় একটি মামলা করেন।
দুর্ঘটনার পরপরই জামির পালিয়ে যায়। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এলএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24