২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: আরো ৩ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

নোয়াখালী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো তিন যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- জাফর ইকবাল (৩০), হারুন-অর-রশিদ (৩০) ও আব্দুল খালেক (৩৪)। এর আগে শনিবার শাহ আলম (২৮) নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, গোয়েন্দা পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে রোববার ভোরে ও সকালে জাফর, হারুন ও খালেককে গ্রেপ্তার করে। পুলিশের ভ্যান থেকে নামিয়ে দেওয়ার পর জনতা মিলনকে পিটিয়ে হত্যার সময় মোবাইল সেটে ধারণ করা ভিডিওচিত্র থেকে তিন যুবককে সনাক্ত করা হয় বলে জানান তিনি। দুপুরে তিন জনকেই জেলা সদরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিল্লাল জানান, তিন যুবকই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত সন্দেহে গণপিটুনিতে গত ২৭ জুলাই চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে মিলন নিহত হয়। মিলনকে পরিকল্পিতভাবে পুলিশের সহায়তায় হত্যা করা হয়েছে বলে তার মা কহিনুর বেগমের অভিযোগ। এ অভিযোগ তুলে ধরে গত ৩ অগাস্ট আদালতে একটি মামলাও করেন তিনি। আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। মামলাটি বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর করা হয়। এদিকে শাহ আলমকে রোববার বিকাল সাড়ে ৪টায় বিচার বিভাগীয় হাকিম আদালতে তোলা হয়। বিচারক মোহাম্মদ জাকির হাসান ১৬৪ ধারায় শাহ আলমের জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহ আলম জবানবন্দিতে মিলন হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা বিল্লাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/এমআই/১৯২৫ ঘ.