২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারের দাবিতে টাঙ্গাইল-ঢাকা বাস চলাচল বন্ধ

মহাসড়ক সংস্কারের দাবিতে টাঙ্গাইল-ঢাকা রুটে রোববার ভোর থেকে টাঙ্গাইল টার্মিনাল থেকে সব ধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

টাঙ্গাইল, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়ক সংস্কারের দাবিতে টাঙ্গাইল-ঢাকা রুটে রোববার ভোর থেকে টাঙ্গাইল টার্মিনাল থেকে সব ধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান বলেন, অনেকদিন সংস্কার না করায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে রাবনা বাইপাস, করটিয়া হতে কালিয়াকৈর-বাইপাইল-আবদুল্লাপুর পর্যন্ত সড়কের বেশি ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত দু'দিন থেকে বাইপাইল-আবদুল্লাপুর সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে টাঙ্গাইল ও উত্তরাঞ্চলের যানবাহনগুলো সাভার-গাবতলী দিয়ে চলাচল করছে। এজন্য ট্রফিক সার্জেন্টরা টাঙ্গাইলের গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া টাঙ্গাইল থেকে ঢাকা যেতে দু'ঘন্টার স্থলে ৬/৮ ঘন্টা কোনো কোনো সময় ১০/১২ ঘন্টা সময় লাগছে। রাস্তা খারাপ হওয়ায় গাড়ির চাকা ফুটো গয়ে যাওয়াসহ বিভিন্ন যন্ত্রপাতি বিনষ্ট হচ্ছে। সড়ক সংস্কারের পাশাপাশি স্থায়ীভাবে যানজট নিরসনের জন্য বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া টাঙ্গাইল-সখীপুর সড়ক সংস্কারের কথা জানান কামরুজ্জামান খান। সংবাদ সম্মেলনে জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান কাকন, জেলা বাস-কোচ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার, জেলা সড়ক পরিবহন বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএম/১৯১৬ ঘ.