চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন মিলনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মিলন আদালতে হাজির ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত নয় আসামি খালাস পায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।
আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০০১ সালের ১৬ মে দুপুরে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কুতুবের হাটে পূর্ব শত্র"তার জের ধরে জামাল উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মিলন ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহত জামালের চাচা আবুল কালাম ভূইয়া বাদী হয়ে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেনবাগ থানা পুলিশ ২০০৩ সালের ৮ এপ্রিল ১৩ জনকে অভিযুক্ত করে এ আদালতে অভিযোগ গঠন করেন।
আইনজীবী আইয়ুব জানান, বিচার চলাকালে দুই আসামির মৃত্যু এবং অপর এক আসামির নাম প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১১৭ ঘ.
bdnews24