সাভার, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাক্ষ্য নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বড়দেশী কেবলারচর এলাকায় আমিনবাজার ল্যান্ডিং স্টেশনে তদন্ত কমিটির সদস্য ঢাকা মহানগর হাকিম উৎপল চৌধুরী এলাকাবাসীর সাক্ষ্য নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক।
শবে বরাতের রাতে গত ১৮ জুলাই সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে।
তবে পুলিশের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহতের পরিবারের সদস্যরা। তারা বলছিলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের তদন্তে বের হয়ে নাও আসতে পারে।
এরপর হাইকোর্ট নির্দেশ দিলে গত বুধবার ঘটনা তদন্তে উৎপল চৌধুরীকে নিয়ে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। এ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
সাক্ষ্যগ্রহণ শেষে উৎপল চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যেই একটি সঠিক তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯১২ ঘ.
bdnews24