বরিশাল, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার শিকার একটি ডুবন্ত মাইক্রোবাসের ১৪ যাত্রীকে প্রাণে বাঁচালেন এক মৎস্য শিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারা এলাকায় এ ঘটনা ঘটে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনজেনটা ফার্মাসিটিউক্যালসের ১৪ কর্মকর্তা বরিশাল থেকে মাইক্রোবাস করে ফরিদপুরে যাচ্ছিলেন।
মাইক্রোবাস যাত্রী রুহুল আমিন সাংবাদিকদের জানায়, মাইক্রোবাসটি মাহিলারা এলাকায় অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে চালকের মোবাইল ফোনে একটি কল আসে। চালক ফোন রিসিভ করে এক হাতে মাইক্রোবাস চালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
মৎস্য শিকারী মো. মোশারেফ হোসেন তালুকদার তখন খালে জাল দিয়ে মাছ ধরছিলেন।
মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দুর্ঘটনা দেখেই হাতের কাছে থাকা একটি হাতুড়ি নিয়ে খালে ঝাঁপিয়ে পড়েন এবং গাড়ির সবগুলো জানালার কাঁচ ভেঙে দেন। তখন যাত্রীরা সেই জানালা দিয়ে বের হয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান হাওলাদার জানান, সব যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ডুবন্ত মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯০৪ ঘ.
bdnews24