২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন হয়রানি বন্ধ করুন: খন্দকার মাহবুব

আইনজীবীদের 'নির্যাতন ও হয়রানি' বন্ধ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের 'নির্যাতন ও হয়রানি' বন্ধ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার এক প্রতিবাদ সভায় তিনি বলেন, "আপনারা (পুলিশ) সীমা লঙ্ঘন করবেন না। আমাদেরও ধৈর্যের সীমা আছে। নির্যাতিত হতে রাজি আছি, কিন্তু কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আইনজীবীদের মান মর্যাদা রক্ষার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব।" অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর 'নির্যাতন' এর প্রতিবাদে এবং দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এই প্রতিবাদ সভার আয়োজন করে। হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি আহম্মেদকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তারের পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অবশ্য তার পরিবারের দাবি, তাকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিলো। এম ইউ আহম্মেদকে গ্রেপ্তারের পর পুলিশ তার ওপর 'নির্যাতন' চালিয়েছে দাবি করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুব বলেন, "এম ইউ আহম্মেদের ওপর এই নির্যাতন আইনজীবী সমাজের ওপর আঘাত। আইনজীবীরা যাতে পুলিশের নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি বারের সম্পাদককে নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি।" আইনজীবীদের ওপর 'নির্যাতনের' প্রতিবাদে প্রয়োজনে আদালত বর্জনসহ সব কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তিনি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "গত ৩০ বছরেও আমি সুপ্রিম কোর্ট বারে এ অবস্থা দেখিনি। একজন খ্যাতিমান আইনজীবীকে পুলিশ মারাত্মকভাবে আঘাত করেছে। তার শরীর শিথিল হয়ে গেছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নির্যাতনের কারণে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।" এম ইউ আহম্মেদের ওপর 'নির্যাতনের' প্রতিবাদে রোববার সারা দেশের সব বারে আইনজীবী ফোরামের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রফিকুল। প্রতিবাদ সভায় আইনজীবী সমিতির সম্পাদকসহ বিএনপি সমর্থক আইনজীবী নেতারা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮৫৬ ঘ.