নাটোর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি বাস উল্টে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া (৬০) বড়াইগ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি দ্বীন-ই-আলম সাংবাদিকদের জানান, সকালে সিরাজগঞ্জ থেকে নাটোর আসার পথে সোহান পরিবহনের বাসটি রেজুর মোড়ে যাত্রীবাহী একটি ভটভটিকে পাশ কাটাতে গেলে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বাসের চাপায় কালু খান ঘটনাস্থলেই মারা যান।
আহত হয় বাস ও ভটভটির অন্তত ৩০ যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১২ ঘ.
bdnews24