ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর দুবলহাটী রাজবাড়ীর প্রায় ২০০ বছরের পুরনো রঘুনাথ মন্দিরের জায়গা 'দখল' করার বিষয়ে ব্যাখ্যা দিতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে তলব করেছে হাইকোর্ট।
মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে জলিলকে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ।
জলিলকে ১৬ অগাস্ট হাইকোর্টে হাজির হতে হবে।
গত ২৭ জুলাই দৈনিক যুগান্তরে 'নওগাঁয় মন্দির ভেঙে হাসপাতাল নির্মাণের অভিযোগ' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে।
ওই জমিতে মার্কেন্টাইল ব্যাংকের অধিকার প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল হক বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে লিখিত হলফনামা জমা দেন। ওই হলফনামায় বলা হয়, মার্কেন্টইল ব্যাংক ফাউন্ডেশনের সিদ্ধান্তে মন্দিরের জায়গায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো।
শহীদুলের কৌঁসুলি মেহেদি হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত ছিলো ফাউন্ডেশনের। তাই এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিলকে তলব করা হয়েছে।
আদালতের তলবে বৃহস্পতিবার হাজিরা দেন- এডিসি (রাজস্ব) এবং মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক।
যুগান্তরের প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের রিট মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও ওই পূজা অর্চনার মন্দিরটি ভেঙে তছনছ করা হয়েছে বলে স্থানীয় অরুনা রায় চৌধুরানী অভিযোগ করেন।
এর প্রতিকার চেয়ে ১২ জুলাই নওগাঁর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অরুনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪০ ঘ.
bdnews24