২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিভাগের দুর্নীতি দমন করা হবে: সচিব

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। বুধবার চট্টগ্রামে 'বিদ্যুৎ সরবরাহ এবং সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে' চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত মতবিনিময় ও পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। আবুল কালাম বলেন, "স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন না করলে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে না।" থিয়েটার ইন্সটিটিউটে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি, ট্রান্সফরমার বিকল হওয়াসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। ট্রান্সফরমার বিকল ও প্রতিস্থাপন প্রসঙ্গে কালাম বলেন, ট্রান্সফরমার ঠিক করা হবে, এজন্য প্রয়োজনে অতিরিক্ত ট্রান্সফরমার স্টকে রাখা হবে। পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর জানান, বর্তমানে দেশের বিদ্যুৎ চাহিদা ৬ হাজার ৮০০ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার মেগাওয়াট। দেশের ৪৯ শতাংশ এলাকা বিদ্যুতের আওতায় রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৩৯টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে গেছে আর বাকিগুলো বাস্তবায়নাধীন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামে কমপক্ষে ৪০টি বাড়তি জেনারেটর ব্যাকআপ হিসেবে মজুদ রাখার দাবি জানান বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভূঁইয়া সফিকুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম বিভাগের অধীন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২৭ ঘ.