ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি প্রতিরোধে গাড়িতে জিপিএস বা অবস্থান নির্ণয় যন্ত্র সংযোজন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।
তিনি বলেন, "বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে শিগগির যানবাহনে জিপিএস স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করা হবে।"
জিপিএস স্থাপনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, গাড়িতে জিপিএস স্থাপনে এককালীন ১১ থেকে ১২ হাজার টাকা প্রযোজন হবে। কিস্তির মাধ্যমেও এ প্রযুক্তি সুবিধা নেওয়া যাবে। এ জন্য মাসে খরচ হবে ৩শ' টাকার মতো।
"এ প্রযুক্তি গ্রহণ করলে মালিক ঘরে বসেই দেখতে পারবেন তার গাড়ি কোথায় রয়েছে। এতে গাড়ি চুরি বা ছিনতাই প্রতিরোধ করা সম্ভব হবে।"
যানজট নিরসনে সিদ্ধান্ত
যানজট মুক্ত রাখতে ঈদের তিন দিন আগ থেকে মহাসড়কে মাল পরিববহনকারী বড় যানবাহন (ট্রেইলার) চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া ট্রাক ও পণ্য পরিবহনকারী যানবাহনে চুরি ও ছিনতাই ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সাহারা বলেন, ট্রাকের চালক ও হেলপারদের ছবিযুক্ত জীবনবৃত্তান্ত মালিকের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
সভায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, সড়ক পরিবহন মালিক সমিতির নেতাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬২৩ ঘ.
bdnews24