২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে তলব টক শো'র সঞ্চালক-আলোচককে

একুশে টেলিভিশনের টক শো 'একুশের রাত' এ আদালত নিয়ে 'অবমাননাকর' মন্তব্য করায় ওই অনুষ্ঠানের দুজন আলোচক ও সঞ্চালককে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের টক শো 'একুশের রাত' এ আদালত নিয়ে 'অবমাননাকর' মন্তব্য করায় ওই অনুষ্ঠানের দুজন আলোচক ও সঞ্চালককে তলব করেছে হাইকোর্ট। আলোচকদ্বয় হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক হলে অঞ্জন রায়। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে তাদের তলবের আদেশ দেয়। ওই আদালতে সরকারি আইন কর্মকর্তা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটূক্তি করা হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন। তিন জনকে ১৮ অগাস্ট আদালতে হাজির হয়ে তাদের মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ রুলের জবাব দিতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। পাশাপাশি আগামী ১২ অগাস্ট ওই অনুষ্ঠানের সিডি আদালতে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩২৭ ঘ.