২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাক শ্রমিক-ব্যবসায়ী সংঘর্ষে আহত ৫০

রংপুর শহরের শাপলা চত্বরে ট্রাক শ্রমিকদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

রংপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের শাপলা চত্বরে ট্রাক শ্রমিকদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষকালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ পাঁচটি গাড়ী ভাংচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাপলা চত্বরের কাছে দ্বিজেন নামে এক ট্রাকচালক ট্রাক নিয়ে যাওয়ার সময় একটি দোকানের বাইরে রাখা মালমাল নষ্ট হয়েছে বলে এক ব্যবসায়ী অভিযোগ করেন। এই দুইজন প্রথমে বাকবিতণ্ডা ও পরে একে অপরের প্রতি চড়াও হয়। এ খবর শুনে আশপাশের ট্রাক-শ্রমিক ও ব্যবসায়ীরা এগিয়ে এলে সংঘর্ষ বেধে যায়। ব্যবসায়ী ও ট্রাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মুহূর্তের মধ্যেই শাপলা চত্ত্বর রণক্ষেত্রে পরিণত হয়। পাশের নূরপুর, ঠিকাদারপাড়া, চামড়া পট্টি, আদর্শপাড়া সহ আশপাশ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক অভিযোগ করেন, এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়, একটি পিক আপ সহ ৪টি ট্রাক ভাংচুর করা হয়। তারা জানান, দ্বিজেনকে মারধরের প্রতিবাদ করায় ব্যবসায়ীরা এই হামলা চালিয়েছে। সংঘর্ষ চলাকালে খবর সংগ্রহ এবং ছবি তুলতে গেলে দৈনিক রংপুর চিত্রের ফটোসাংবাদিক আফতাবুজ্জামান হিরু, দৈনিক যুগের আলোর প্রতিবেদক রবিউল ইসলাম দুখু, এবং দৈনিক আমার দেশের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক আহত হয়। এদের মধ্যে দুখুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আবুল মনসুর ও সালাম নামে দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মাহফিজ উল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কত রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে তা ওসি বলেননি। ব্যবসায়ী মিলন জানান, ট্রাক শ্রমিকরাই প্রথমে দোকানে হামলা চালিয়েছে। সন্ধ্যা পর্যন্ত শাপলা চত্ত্বর ও আশপাশ এলাকায় দোকানপাট বন্ধ ছিলো। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১৩ ঘ.