ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মঙ্গলবার বলেছেন, আদালতে হট্টগোল ও তদন্ত কর্মকর্তাকে নাজেহালের মামলার আসামিরা জামিন না পেলে সুপ্রিম কোর্ট অঙ্গন উত্তপ্ত হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর খন্দকার মাহবুব বলেন, "পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে বুঝতে পারছি, পুলিশের দায়ের করা দুই মামলায় আইনজীবীদের জামিন হবে না। আর জামিন যদি না হয় তাহলে সাধারণ আইনজীবীরা আমাদের নেতৃত্বের বাইরে চলে যাবে।
"ওই অবস্থায় তারা হয়তো আমাদেরকে বলবে, আপনার যেহেতু পারেন নাই। আমরাই আমাদের বিষয়টি দেখছি। আপনাদেরকে সালাম। ওই অবস্থায় আদালতের পরিস্থিতি উত্তপ্ত হবে।"
সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে গত ২ অগাস্ট ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে খালেদা জিয়ার নাম এলে সরকার ও বিরোধী দলপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। ওই ঘটনায় পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে রুল দেয় হাইকোর্ট।
'তাদের নির্যাতনের মুখে ফেলতে পারি না'
আইনজীবী সমিতির সভাপতি বলেন, "প্রধান বিচারপতিকে আমাদের বারের সম্পাদক স্পষ্ট ভাষায় বলে এসেছেন- আদালত অবমাননার রুলে প্রয়োজনে আইনজীবীরা ক্ষমা প্রার্থনা করবে। তবে পুলিশের মামলায় আমরা তাদেরকে নির্যাতনের মুখে ফেলে দিতে পারি না।"
আদালত অবমাননা এবং বিচারকদের অমর্যাদা করায় ওই আইনজীবীদের পেশায় বিরত থাকার রুলটি জারি আদালত।
খন্দকার মাহবুব বলেন, "বিভিন্ন মামলা অসংখ্য আসামি সুপ্রিম কোর্ট থেকে প্রতিদিন জামিন নিয়ে চলে যায়। আর এই মামলায় কেন জামিন পাবে না। এদের ওই মামলা সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে।"
"প্রধান বিচারপতি আমাদের কথা শুনেছেন। তিনি আমাদেরকে হতাশ বা আশ্বস্ত করেননি।"
প্রধান বিচারপতিকে উভয় পক্ষ থেকে পাঁচজন করে জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছেন বলে জানান আইনজীবী সমিতির সভাপতি।
জামিন আবেদনে আদেশ পিছিয়েছে
আদালতে হট্টগোল ও তদন্ত কর্মকর্তাকে নাজেহালের মামলায় জামিন আবেদনের শুনানি আরো একদিন পিছিয়েছে।
হট্টগোলের পরদিন হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন হাইকোর্টে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা এস এম জলিল।
সকালে জামিন প্রার্থীদের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের আবেদনে আদালত আদেশের জন্য আরো একদিন সময় বাড়ায়।
হট্টগোলের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১০ জন এবং তদন্ত কর্মকর্তাকে নাজেহালের মামলায় আটজনের জামিন আবেদনের বিষয়ে সোমবার আদেশ হওয়ার কথা থাকলেও জামিন প্রার্থীরা এ নিয়ে দুইবার সময় বৃদ্ধির আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০২৯ ঘ.
bdnews24