ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের শিশু সামিউল হত্যা মামলায় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বেগম জেসমিন আনোয়ার শুনানির এই তারিখ দেন।
সামিউলের মা আয়েশা হুমায়রা এশা (২৫) ও বাক্কু (৩৮) নামে এক ব্যক্তির অনৈতিক সম্পর্কের জের ধরে গত বছরের ২৩ জুন রাতে রাজধানীর আদাবরে খুন হয় সামিউল। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম (৪২) আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে এশা ও বাক্কুর বিরুদ্ধে মামলা করেন।
ঘটনায় জড়িত থাকার কথা বাক্কু গতবছর স্বীকার করেন।
গত বছরের ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এ মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ওসি কাজী শাহান হক।
এদিকে, মঙ্গলবার বাক্কুর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে বিচারক ওই আবেদন নাকচ করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/১৮০৮ ঘ.
bdnews24