ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্দশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং সুপ্রিম কোর্টের নিবন্ধক এর জবাব দিতে এক সপ্তাহ সময় পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ওহিদুজ্জামান চানের করা এক সম্পূরক আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ রুল জারি করে।
১৬ অগাস্ট এ আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে ওই দিন আজহারকে আদালতে আসতে হবে না।
আদালতে অহিদুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আজহারের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
সম্পূরক আবেদনের আর্জি সম্পর্কে মনজিল মোরসেদ বলেন, "মূল রিট আবেদনে অনুুরূপ একটি রুল চাওয়া হয়েছিলো। আদালতের আদেশে এটা প্রতিফলিত হলেও এ মর্মে রুল দেওয়া হয়নি। আমরা মনে করছি, এই মর্মে একটি রুল দেওয়া হলে এই মামলা নিষ্পত্তিতে সুবিধা হবে।"
ব্যরিস্টার আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, "আবেদনটি যথাযথ আইনগত প্রক্রিয়ায় করা হয়নি। তাই এই আবেদনের ওপর রুল দেওয়ার এখতিয়ার এই বেঞ্চের নেই। আমরা সোমবার (গতকাল) রুল বাতিলে একটি আবেদন করেছি। ১৬ অগাস্ট এ বিষয়ে আদেশ দেওয়া হবে।"
আদালত অবমাননার অভিযোগে আজহারুল ইসলাম সোমবার হাইকোর্টে হাজির হন। অধ্যাপক চানের করা এক রিট আবেদনে হাইকোর্ট গত ২৫ জুলাই এই জামায়াত নেতাকে তলব করেন।
আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও আজহারুলকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে আজাহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
গত ১৯ জুলাই এক সংবাদ সম্মেলনে আজহার বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করার পর সম্প্রতি সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে নির্দলীয় ওই সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। ওই পদক্ষেপ নিয়েই মন্তব্য করেন আজহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬০৩ ঘ.
bdnews24